
৫০তম বিসিএসের প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে ভাইভা শুরু হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে প্রথম পর্যায়ে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায়।
মৌখিক পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে নির্ধারিত অনলাইন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া রোল নম্বরভিত্তিক বিস্তারিত সময়সূচি, মৌখিক পরীক্ষার তালিকা এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।