
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে পেসার রুবেল হোসেনকে সম্মাননা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।
একটি সূত্র জানায়, ম্যাচ শুরুর আগে মাঠে বিশেষ আয়োজনের মাধ্যমে রুবেলকে বিদায়ী সম্মাননা জানানো হবে। এজন্য তাকে স্টেডিয়ামে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল হোসেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় তিনি মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাননি। সে কারণেই বিসিবি এবার তাকে মাঠে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর উদ্যোগ নিয়েছে।
এর আগে রুবেলের অবসরের ঘোষণার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। এবার বোর্ড তার ক্রিকেট ক্যারিয়ারকে আরও স্মরণীয় করে রাখতে আনুষ্ঠানিক সম্মাননা দিচ্ছে।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রুবেল হোসেনের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ এবং টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট শিকার করেন। টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই রয়েছে তার একাধিক ফাইফার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন এই পেসার।