
মরক্কোর বিরুদ্ধে হোঁচট খেয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করা ব্রাজিলের সামনে এবার ঘুরে দাঁড়ানোর মোক্ষম সুযোগ। আগামীকাল শনিবার (১৯ জুন) টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয় অঞ্চলের দল হাইতির মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচ দিয়েই চেনা ছন্দে ফিরতে মরিয়া সেলেসাওদের মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। আর জয়ে ফেরার লক্ষ্য অর্জনে দলের শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাসও দিয়েছেন এই ইতালিয়ান কোচ। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ডেইলী স্পোর্টসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে ম্যাচ-পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হয়ে আনচেলত্তি খোলামেলা ব্যাখ্যা করেছেন, কেন প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তার শিষ্যরা নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছিল।
ব্রাজিলিয়ান জার্সির ঐতিহাসিক মহিমা ও প্রত্যাশার প্রবল মনস্তাত্ত্বিক চাপের কথা স্বীকার করে আনচেলত্তি বলেন:
‘প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত ছিল। হতে পারে ব্রাজিলের জার্সি গায়ে তোলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা জরুরি, তবে এটাই শেষ কথা নয়। মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। সেদিন আমাদের কেউ নিজের সেরাটা দিতে পারেনি। তবে প্রথম ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।’
দলকে কক্ষপথে ফেরাতে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন:
‘আমরা কিছু পরিবর্তন করবো। খেলার মান আরও ভালো করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটা করতেই হবে।’
ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে ব্রাজিলের শুরুর একাদশে রদবদলের বিষয়টি এখন প্রায় নিশ্চিত। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর দাবি, গত ম্যাচের একাদশে থাকা ইবানেজ ও ইগর থিয়াগোর পরিবর্তে হাইতির বিপক্ষে আজ প্রথমার্ধ থেকেই মাঠে দেখা যেতে পারে অভিজ্ঞ দানিলো এবং ফরোয়ার্ড মাথিউস কুনহাকে। তবে চোটের ধাক্কা সামলে এখনো পুরোপুরি ফিট না হওয়ায় দলের প্রধান চালিকাশক্তি নেইমার জুনিয়রকে এই ম্যাচেও পাচ্ছে না সেলেসাওরা। যদিও ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, নেইমার ইতিমধ্যে বুট পায়ে মাঠে হালকা অনুশীলন শুরু করেছেন।
এদিকে, সেলেসাওদের খেলার সুনির্দিষ্ট কোনো কৌশল বা ‘ট্যাকটিক্যাল আইডেন্টিটি’ গড়ে উঠছে না বলে সমর্থকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা উড়িয়ে দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ওপর জোর দিয়ে আনচেলত্তি বলেন:
‘পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি দলের কোনো একক পরিচয় চাই না। আমি চাই, আমার দল সব পরিস্থিতিতে সব ধরনের ফুটবল খেলতে পারুক।’
উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলের ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ও হাইতির মধ্যকার এই গুরুত্বপূর্ণ ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে।