
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কয়েকটি আসনে দলীয় এজেন্টদের বাধা ও হামলার অভিযোগ করলেও সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে মনে করছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে ভোটগ্রহণের মধ্যে মগবাজারে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। দেশের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন, উৎসবমুখর ও প্রত্যাশিত একটি নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে জাতি, সবাইকে নিয়ে আমরা চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছি। দেশব্যাপী উৎসবে পরিণত হয়েছে।
তিনি বলেন, প্রায় সব জায়গায় বিপুল ভোটার, নারী ও পুরুষ বিশেষ করে যুবক-তরুণ ভোটাররা সকাল থেকে ভোটকেন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে। ইতোমধ্যে জামায়াত আমিরসহ দলটির নেতারা ভোট দিয়েছেন। তিনি পর্যায়ক্রমে কেন্দ্রে কেন্দ্রে ভোটার, এজেন্টদের খোঁজখবর নিচ্ছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। সব দিক বিবেচনায় এখন পর্যন্ত মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, স্বতঃস্ফূর্ত উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতিতে গত দেড় যুগের ইতিহাসে সবচেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি। নতুন প্রজন্মের জন্য সম্পূর্ণ নতুন ইতিহাস।
আনন্দঘন পরিবেশে ভোটের কথা তুলে ধরে তিনি জনগণকে দ্রুততম সময়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অপরদিকে ভোলা, কুমিল্লা ও নোয়াখালীতে জামায়াত ও এনসিপির প্রার্থীর এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ করছে জামায়াত।
মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কিছু জায়গায় দুঃখজনক রিপোর্ট পেয়েছি। বরিশালের ভোলায় ব্যাপকভাবে গতকাল হামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের, এজেন্টদের কাজ করতে দেওয়া হয়নি। ভোলা-২ আসনে সংঘাত হচ্ছে। অনেকগুলো সেন্টারে তাণ্ডব হচ্ছে। প্রশাসনের তরফ থেকে খুব কার্যকর সহযোগিতা পাচ্ছি না।
তিনি বলেন, কুমিল্লা-৮ আসনে বরুড়ায় সন্ত্রাসীরা সমস্যা করছে, এজেন্টদের ঢুকতে বাধা দিচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় এনসিপির প্রার্থীর আসনে মারাত্মক সমস্যা হচ্ছে, ভোটার ও এজেন্টদের সমস্যা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে।
প্রশাসনকে তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব যারা করছে তারা হতাশাগ্রস্ত।