
বিশ্বকাপ ফাইনালের আগে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার পরিবারের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি—এমন দাবি করেছেন আর্জেন্টাইন সাংবাদিক ইয়ানিনা লাতোরে।
তার দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের টিকিটের উচ্চমূল্যের কারণে যারা ম্যাচটি সরাসরি দেখতে পারছিলেন না, তাদের মধ্যে কয়েকজনের জন্য ব্যক্তিগত উদ্যোগে টিকিটের ব্যবস্থা করেন মেসি।
ইয়ানিনা লাতোরের ভাষ্য, ভোজিনহার পরিবারের চার সদস্যও সেই তালিকায় ছিলেন। মেসি তার প্রতিনিধিদের মাধ্যমে তাদের জন্য টিকিটের ব্যবস্থা করেছিলেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কিংবা লিওনেল মেসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি সাংবাদিক ইয়ানিনা লাতোরের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
বিশ্বকাপ ফাইনালে অবশ্য সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়তে পারেননি মেসি। রোববারের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।
উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ে ভোজিনহা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে তিনি আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেন এবং নিজের পারফরম্যান্সে প্রশংসা কুড়ান। ম্যাচ শেষে মেসির জার্সিও চেয়েছিলেন কেপ ভার্দের এই গোলরক্ষক।