
নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সৌদি আরবে কর্মরত জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং দেশটির বিমান চলাচল ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটির কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের নিজ নিজ মিশনপ্রধানের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে।
এ ছাড়া সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটার ঝুঁকি সম্পর্কে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভ্রমণের সময় তাঁদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি