
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গোলাপ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি ও তাঁর ছয় বছরের মেয়ে তায়েবা আক্তারকে হত্যা করা হয়েছে। শিশুটির চোখ উপড়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মেয়েকে হত্যার ঘটনায় গুরুতর আহত বাবা গোলাপ হোসেনও চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের স্বদেশ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোলাপ হোসেনের মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তায়েবা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গোলাপ হোসেন লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার বিকেল ৫টার দিকে বাবার বাড়ি থেকে মেয়েকে নিয়ে ফেরার পথে ইটভাটার কাছে তাঁদের ওপর হামলা হয় বলে জানা গেছে।
শিশুটির নানির সন্দেহ, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।