
রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার মূল ফটকের সামনে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহত ইবাদুর রহমান কুড়িগ্রামের অলিপুর থানার সাদুল্লা এলাকার বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে। তিনি রাজধানীর মুগদার মান্ডা এলাকায় বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার পর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে পরপর কয়েকটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই পথ দিয়ে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় ইবাদুর রহমান আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে এগুলো ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে এই মুহূর্তে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়।
এসআই মো. হাসানুর আরও বলেন, থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা ঘটনাটি তদন্ত করে প্রকৃত ঘটনা কী, তা খতিয়ে দেখছেন।
মহাখালী ও আগারগাঁওয়
এদিকে শুক্রবার সন্ধ্যায় প্রায় একই সময়ে রাজধানীর মহাখালী ও আগারগাঁও বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর জানিয়েছে পুলিশ।
সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিচে ফেলে দেওয়া হলে সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন বনানী থানার এসআই মো. তারেক।
তিনি বলেন, কেউ ওপর থেকে ককটেলটি নিচে ছুড়ে মেরেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
মালিবাগেও বিস্ফোরণের ঘটনা
এর আগে শুক্রবার দুপুরে জুমার নামাজের পরপরই রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে যাত্রাবাড়ী, মহাখালী, আগারগাঁও ও মালিবাগের এসব ঘটনার মধ্যে যাত্রাবাড়ীর ঘটনায় একজন আহত হওয়া ছাড়া অন্য কোনো ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।