
যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার দুর্গম এলাকায় একটি সামরিক রাডার সাইটের কাছে চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সিকিউরিটি এভিয়েশন পরিচালিত সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাঙ্করেজ থেকে উড্ডয়ন করে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেপ নিউেনহামের উদ্দেশে যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে গন্তব্যের কাছাকাছি কেপ নিউেনহাম বিমানবন্দর এলাকায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, বিমানটিতে দুই পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। আলাস্কান কমান্ড জানিয়েছে, বেসামরিক চুক্তির আওতায় পরিচালিত ওই বিমানের আট আরোহীই সামরিক বাহিনীর সদস্য ছিলেন। পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল নিশ্চিত করে, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।
বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এফএএ ও এনটিএসবি যৌথভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে। তবে মূল তদন্তের দায়িত্ব থাকবে এনটিএসবির ওপর।
দুর্ঘটনাস্থলের বিমানঘাঁটিটি একটি সামরিক রাডার সাইটে যাতায়াতের কাজে ব্যবহৃত হয় এবং সেখানে কেবল অনুমোদিত বিমান অবতরণ করতে পারে। প্রায় চার হাজার ফুট দীর্ঘ রানওয়েটি পাহাড়ের ঢালে অবস্থিত হওয়ায় অবতরণ বাতিল করাও কঠিন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস। তিনি জানান, দায়িত্ব পালন করতে গিয়ে নিহতদের স্বজনদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর খবর পৌঁছানোর পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে।
আলাস্কার সিনেটর লিবিয়া মুরকোভস্কিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক জানিয়েছেন। একই সঙ্গে তিনি উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।