-6b005e108c57f.webp)
যুক্তরাষ্ট্রে পণ্যবাহী ট্রেন থামিয়ে নাইকি ও ক্রোকসের জুতাসহ ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য চুরির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত একটি ফেডারেল অভিযোগপত্রে এ তথ্য উঠে এসেছে।
অভিযোগপত্র অনুযায়ী, সংঘবদ্ধ চক্রটি লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসা অন্তত ৩৬টি পণ্যবাহী ট্রেনকে লক্ষ্য করে চুরির পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। এসব ট্রেনে নামীদামি ব্র্যান্ডের জুতা, বিদ্যুৎচালিত বিভিন্ন সরঞ্জাম এবং অন্যান্য ভোগ্যপণ্য পরিবহন করা হতো।
তদন্তকারীরা জানিয়েছেন, চক্রের সদস্যরা আগে থেকে নির্ধারিত বিভিন্ন স্থানে ট্রেনের ব্রেক অকার্যকর করে সেটি থামিয়ে দিতেন। এরপর ট্রেনের বগি থেকে পণ্য নামিয়ে ট্রাকে করে সরিয়ে নেওয়া হতো। পরে চুরি করা মালামাল একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো। প্রতিষ্ঠানটি সেসব পণ্য পরবর্তী সময়ে খোলা বাজারে বিক্রি করত।
অভিযোগে আরও বলা হয়েছে, চক্রের সদস্যরা চুরির বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে আদান-প্রদান করতেন।
তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকা এবং আন্তরাজ্য রেলপথে পণ্য চুরির অভিযোগ আনা হয়েছে। আদালতে এসব অভিযোগ প্রমাণিত হলে প্রত্যেকের ৫ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সূত্র: এনবিসি নিউজ