
ইরান নিজেদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করবে, তবে চলমান সংঘাত আরও বিস্তৃত হোক—এমন পরিস্থিতি তারা চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া বক্তব্যে মাসুদ পেজেশকিয়ান বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শত্রুরা হস্তক্ষেপ, অনুপ্রবেশ কিংবা বিভাজন সৃষ্টি করে সমাজকে ধ্বংস করার কোনো সুযোগ বা প্রলোভন না পায়।
এর আগে একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনার পরিকল্পনা তাদের ছিল না।
সূত্র: ডন