
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের বার ভবনে জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।
অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে অ্যাডভোকেট শিশির মনির বলেন, অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে তাঁর কথা হয়েছে। রঞ্জু তাঁকে জানিয়েছেন, তিনি বারবার নিজের পরিচয় দিয়ে বলেছেন, ‘আমি অমুক নই, আমার নাম রঞ্জু। আপনি আমাকে চেনেন। আমি ফেসবুকে অ্যাক্টিভ। আমি লইয়ার্স কাউন্সিল এবং জামায়াতে ইসলামীর লোক।’ এরপরও তাঁকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে পেটানো হয়েছে।
সরকারের উদ্দেশে শিশির মনির বলেন, এ ধরনের অরাজক পরিস্থিতি বন্ধ করতে না পারলে সরকার নিজেরাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বাধ্য করছে।
তিনি আরও বলেন, সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। এ অপরাধে একটি মামলা দায়ের করা প্রয়োজন। পাশাপাশি দায়িত্বশীলদের পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলনের আয়োজন করে ওই ব্যক্তির ছবি ও পরিচয় সুপ্রিম কোর্টের মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া উচিত।
সতর্ক করে শিশির মনির বলেন, এভাবে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে অসম্মান করে কেউ পার পেয়ে গেলে সাধারণ মানুষের নিরাপত্তা বলে আর কিছু থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করাই সবার দায়িত্ব। যিনি এ কাজ করেছেন, তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। আইনজীবীরা কীভাবে প্রতিবাদ করেন, সেই ভাষা সম্ভবত তাঁর পক্ষে বোঝা সম্ভব নয়। আগামীকালই এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে তাঁকে বিচারের আওতায় আনা সবার স্বার্থেই জরুরি।
প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন অবিলম্বে রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট গোলাম রহমান ও অ্যাডভোকেট সাইফুর রহমানসহ অন্যরা।