
রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ৬৩ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে জোর করে তুলে নেওয়ার ঘটনায় উত্তরার একটি রিহ্যাব সেন্টারের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘লাইটহাউস রিহ্যাবিলিটেশন সেন্টারে’ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—রিহ্যাব সেন্টারের কর্মী মো. জসিম উদ্দিন ওরফে পলাশ (৪৭) ও মো. আমিনুর ইসলাম (৪২)। তাদের ব্যবহৃত হাতকড়াটিও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের একটি আবাসিক ভবনে চার-পাঁচজন ব্যক্তি প্রবেশ করেন। পরে তারা একটি ফ্ল্যাট থেকে ওই ব্যক্তিকে হাতকড়া পরিয়ে জোর করে নিচে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ ঘটনায় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
পরে তদন্তে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। পরিবারের সদস্যরা আলাদা থাকায় তার ছোট ভাই চিকিৎসার জন্য রিহ্যাব সেন্টারের কর্মীদের ডেকে আনেন। এর আগেও ওই ব্যক্তিকে একই সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জুয়েল রানা বলেন, কোনো অসুস্থ ব্যক্তি বা রোগীকে হাতকড়া পরানোর আইনগত অনুমোদন বেসরকারি রিহ্যাব সেন্টারের কর্মীদের নেই। সেন্টারের মালিকের কাছে হাতকড়া ব্যবহারের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এর বৈধ কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে কিছু ক্ষেত্রে হাতকড়া ব্যবহারের কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, আটক দুই কর্মীকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।