
ঈদযাত্রার প্রথম দিনে রেলের অনলাইন টিকিট বরাদ্দে প্রচণ্ড চাপ দেখা দিয়েছে। রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, মাত্র এক সপ্তাহে প্রায় ৩৭ লাখ মানুষ অনলাইনে টিকিট সংগ্রহের চেষ্টা করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, “আমরা ৩ তারিখ থেকে ১০ দিন আগের টিকিট ধারাবাহিকভাবে অনলাইনে ছেড়েছি। যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন এবং আজ থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। স্টেশনে এসে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। অনলাইন টিকিটে ব্যাপক চাপ ছিল; প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কিনতে চেয়েছেন। তবে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ৩৬ হাজারের মতো টিকিট বিক্রি করতে পেরেছি।”
মন্ত্রী আরও জানান, এ পর্যন্ত ২১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং অধিকাংশই নির্ধারিত সময়মতো চলেছে। দুইটি ট্রেন ৪০ মিনিট বিলম্বিতভাবে ছাড়ে।
শেখ রবিউল আলম বলেন, “আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা খুশি। তবে এই সেবার মান বজায় থাকবে কি না, তা নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন। আমি তাদের আশ্বস্ত করেছি যে রেলের এই সেবার মান যেকোনো মূল্যে অব্যাহত রাখা হবে এবং ভবিষ্যতে তা আরও উন্নত হবে।”
রেলপথ মন্ত্রণালয় আশা করছে, চলতি ঈদযাত্রায় সেবা সম্প্রসারণ এবং টিকিটিং প্রক্রিয়ার মান বজায় রাখার মাধ্যমে যাত্রীদের যাত্রা স্বাচ্ছন্দ্যময় করা সম্ভব হবে।