
রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানোর দায়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া ঐতিহাসিক রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির দাবি, এই রায় ন্যায়সংগত নয়।
শুক্রবার (২০ নভেম্বর) নেপিদোতে এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্ত সর্বসম্মতভাবে আসেনি। তার দাবি, মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
গাম্বিয়ার দায়ের করা মামলার সাত বছর পর দেওয়া এই ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আইসিজে। নাৎসি হলোকাস্টের পর চতুর্থবারের মতো কোনো আন্তর্জাতিক আদালত গণহত্যার আইনি মানদণ্ড পূরণের বিষয়টি প্রমাণিত বলে রায় দিল।
আদালতের বিচারকদের পর্যবেক্ষণ অনুযায়ী, মিয়ানমারের সেনাবাহিনী তথাকথিত ‘শুদ্ধি অভিযান’ চালিয়ে রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের হত্যা করেছে, নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শত শত গ্রাম ধ্বংস করেছে।
রায়ে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুতদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার মধ্যে হাজার হাজার মানুষ এই রায়ে উল্লাস প্রকাশ করেছেন। তবে তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়টি এখনো অনিশ্চিত।
আইসিজের রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে আদালতের ক্ষমতা অত্যন্ত সীমিত। ১৯১ পৃষ্ঠার এই রায়ে ২০১৭ সালে মিয়ানমারের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গাকে হত্যার বিষয়ে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন এবং এ ঘটনা নিয়ে কাজ করা দুই সাংবাদিককে ৫০০ দিনের বেশি সময় কারাবন্দী রাখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।