.webp)
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই রায়ের পর বাংলাদেশের সামনে নতুন করে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন ধরে আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে এই সিদ্ধান্ত কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে।
প্রায় এক দশক ধরে ১২ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। দীর্ঘদিনের এই শরণার্থী সংকট এখন দেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন ফোরামে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হলেও বাস্তবে এ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
এ অবস্থায় হেগের আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায় প্রত্যাবাসন প্রক্রিয়ার দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে পারবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নাকি এই সিদ্ধান্ত কেবল আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার একটি আইনগত ও নৈতিক স্বীকৃতি হিসেবেই থেকে যাবে, সেই প্রশ্নও সামনে আসছে।
বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে আইসিজের এই রায়কে ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতে, আন্তর্জাতিক আদালতের এই সিদ্ধান্ত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর ভাষায়, আইসিজের রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট আর শুধু বাংলাদেশ কিংবা রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা থাকছে না, এটি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্বে পরিণত হয়েছে।
রায় কার্যকরের জন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে সিদ্ধান্তটি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী নন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে।
তাদের মতে, এই রায় রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে নৈতিক ও আইনগত সমর্থন জোগাবে। কিন্তু এর মাধ্যমে শরণার্থীদের নিজ দেশে ফেরার পথ কতটা সহজ হবে, তা নিশ্চিত নয়। প্রত্যাবাসন বাস্তবায়নে বাংলাদেশের করণীয় নিয়েও বিভিন্ন পরামর্শ দিয়েছেন তাঁরা।
রায়ের গুরুত্ব ও প্রত্যাবাসনের বাস্তবতা
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।
আন্তর্জাতিক আইন ও বিচারব্যবস্থার ক্ষেত্রে এই সিদ্ধান্ত বেশ কয়েকটি নতুন নজির তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার ক্ষেত্রেও এই রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।
তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সিদ্ধান্তের ফলে দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনে বাস্তবে কী পরিবর্তন আসবে।
আইসিজের রায়ে মিয়ানমারকে যেসব নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব দেশটির রাষ্ট্রের ওপরই বর্তায়। জাতিসংঘ সনদ অনুযায়ী, মামলার পক্ষ হওয়ায় আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য মিয়ানমার।
আদালতের রায় অনুযায়ী কোনো পক্ষ তার ওপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে অন্য পক্ষ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে।
এ কারণে রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে আইসিজের রায়ের গুরুত্ব যথেষ্ট। তবে এই সিদ্ধান্তের ফলে শরণার্থীদের প্রত্যাবাসনের পথ পুরোপুরি খুলে গেছে, এমনটা মনে করছেন না বিশ্লেষকদের অনেকে। তাঁদের মতে, আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা গণহত্যার একটি আইনগত ভিত্তি প্রতিষ্ঠিত হলেও প্রত্যাবাসন কার্যকর হওয়া আরও অনেক বিষয়ের ওপর নির্ভর করছে।
অন্যদিকে, রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকার প্রত্যাশা, এই সিদ্ধান্তের ফলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ হবে।
শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে অন্তর্বর্তী সরকারের সময়েও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
পরিদর্শনকালে খলিলুর রহমান বলেন, আইসিজের রায় বাস্তবায়নের দায়িত্ব মিয়ানমারের। দেশটিকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে।
তিনি বলেন, "আমরা আশা করবো, এত কিছুর পরেও মিয়ানমার তার আন্তর্জাতিক যে দায়িত্ব সেটি পালন করবে, না করলে সেটারও ফলাফল আছে।"
পররাষ্ট্রমন্ত্রীর মতে, হেগের আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের পর রোহিঙ্গা সংকট আর শুধু সংশ্লিষ্ট জনগোষ্ঠী কিংবা বাংলাদেশের সমস্যা নয়। এটি এখন পুরো বিশ্বের সমস্যা, যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, "এর আগে একটা আইনগত ভিত্তি ছিল না, এখন সেটা হলো। এবং এমন একটা আইনগত ভিত্তি যেটা আমরা আগে কখনও দেখিনি। আইসিজে প্রথমবারের মতো একটা দেশকে জেনোসাইড করেছে বলে অভিহিত করেছে, এটা একটা বিশাল ব্যাপার, এর গুরুত্ব অপরিসীম।"
বাস্তবায়নে বাধা, বাংলাদেশের সামনে তিন পথ
আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রায় বাস্তবায়নে দ্বিপক্ষীয়, বহুপক্ষীয়সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশের লক্ষ্য, আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারেন, তা নিশ্চিত করা।
প্রতিমন্ত্রী বলেন, "আমরা মাল্টিল্যাটারাল পার্টনার (দ্বিপাক্ষিক অংশীদার) এবং বাইল্যাটারাল পার্টনার (বহুপাক্ষিক অংশীদার) সবার সঙ্গেই কাজ করবো। এর জন্য আমরা বিভিন্ন অ্যাপ্রোচে এগোতে চাই।"
জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে গাম্বিয়ার অবস্থান আরও শক্তিশালী করতেও কাজ করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।
হুমায়ুন কবির বলেন, এই প্রক্রিয়া একদিনেই সম্পন্ন হওয়ার মতো বিষয় নয়। তবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা জোরালোভাবে এগিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, "এটা কালকেই হয়ে যাবে বিষয়টি এমন নয়। তবে আমরা এই আলোচনা জোরালোভাবে শুরু করবো যাতে এক বছর দেড় বছরের ভেতরে আমরা নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করতে পারি।"
তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, আইসিজের এই রায় মূলত আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি হিসেবেই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধান প্রত্যাশা, অর্থাৎ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এটি খুব বেশি কার্যকর হবে না বলে মনে করেন অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। তিনি মিয়ানমারে বাংলাদেশের কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর মতে, এই রায়ের মাধ্যমে বিশ্ববাসী জানতে পেরেছে যে রোহিঙ্গাদের ওপর সত্যিই গণহত্যা চালানো হয়েছে। একই সঙ্গে মিয়ানমারের জেনারেলরাও বুঝতে পারবেন, আন্তর্জাতিক পর্যায়ে এই অপরাধের স্বীকৃতি মিলেছে। তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন খুব বেশি নয়।
এমদাদুল ইসলাম বলেন, "আন্তর্জাতিক বিশ্ব জানলো যে একটা গণহত্যা আসলেই হয়েছে এবং মিয়ানমারের জেনারেলরাও বুঝবে যে এটার আন্তর্জাতিকভাবে গণহত্যার স্বীকৃতি আছে—এটুকুই, এখানে বাংলাদেশের পাওয়ার কিছু নাই।"
তাঁর ব্যাখ্যা অনুযায়ী, গাম্বিয়ার করা মামলায় আইসিজের রায়ের মূল বিষয় হচ্ছে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার স্বীকৃতি, অপরাধীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ। কিন্তু প্রত্যাবাসনের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে রায়ে স্পষ্ট নির্দেশনা নেই।
যদিও আদালতের সিদ্ধান্তে রোহিঙ্গাদের নিরাপদে নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করতে মিয়ানমারকে দুই বছর সময় দেওয়া হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে তা সম্ভব না হলে পরবর্তী করণীয় কী হবে, সেটিও আদালত মূল্যায়ন করবে বলে জানানো হয়েছে।
তবে মূল জটিলতা রয়ে গেছে রায় কার্যকরের প্রক্রিয়া নিয়ে। আন্তর্জাতিক বিচার আদালত রায় ঘোষণা করতে পারলেও সেটি বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব ক্ষমতা খুবই সীমিত।
এমদাদুল ইসলামের ধারণা, বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গেলে চীন ও রাশিয়া গণহত্যার বিষয়টি গ্রহণ নাও করতে পারে। সে ক্ষেত্রে দেশ দুটি ভেটো দিতে পারে।
তিনি বলেন, "তারা এই রায়কে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে পাঠাবে। কিন্তু আমার ধারণা, এখানে যে গণহত্যার কথা বলা হয়েছে, সেটি চীন এবং রাশিয়া গ্রহণ করবে না। তারা এখানে ভেটো দিবে।"
এই বিশ্লেষকের মতে, রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর বিষয়টি যুক্তরাষ্ট্রও মেনে নেবে না। কারণ, একই ধরনের অভিযোগের ক্ষেত্রে গাজা ও আফগানিস্তানের প্রসঙ্গও সামনে চলে আসবে।
এমদাদুল ইসলামের মতে, গণহত্যার স্বীকৃতি কিংবা ক্ষতিপূরণের চেয়েও বাংলাদেশের কাছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্রক্রিয়া অত্যন্ত জটিল।
তিনি মনে করেন, প্রত্যাবাসন নিশ্চিত করতে বহুপক্ষীয় আলোচনা যেমন প্রয়োজন, তেমনি মিয়ানমার ইস্যুতে চীনের অবস্থানও বিশেষ গুরুত্ব বহন করে। আইসিজের রায়ের পর বাংলাদেশের উচিত চীনের সঙ্গে আবারও আলোচনায় বসা।
তাঁর ভাষায়, "তাদের (মিয়ানমারের) পেছনে চীনের যে জোরালো সমর্থন, এছাড়া রাশিয়ার সঙ্গেও সম্প্রতি তারা একটি সামরিক চুক্তি করেছে। ফলে আমাদের ফরেন পলিসি দিয়ে এগুলো যতক্ষণ পর্যন্ত সমঝোতার জায়গায় আনতে না পারবো, ততক্ষণ মিয়ানমারের জেনারেলরা এ নিয়ে মাথা ঘামাবে না।"
কূটনৈতিক উদ্যোগই বাংলাদেশের প্রধান ভরসা
২০১৭ সালের ২৫ আগস্টের পর মাত্র কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এরপর থেকে এই সংকট প্রায় এক দশক ধরে বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয়েছে।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) তথ্য অনুযায়ী, কক্সবাজারে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি।
আইসিজের রায়ের পর প্রত্যাবাসন এগিয়ে নিতে বাংলাদেশের সামনে তিনটি কূটনৈতিক পথ রয়েছে বলে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এগুলো হলো—জাতিসংঘে প্রস্তাব বা রেজুলেশন উত্থাপন, নিরাপত্তা পরিষদে চাপ সৃষ্টি এবং চীনসহ মিয়ানমারের মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা জোরদার করা।
সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হুমায়ুন কবিরও মনে করেন, আদালতের এই রায়ের পর বাংলাদেশের সামনে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তাঁর মতে, আইসিজের সিদ্ধান্তের মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আরও স্পষ্ট হয়েছে। এখন বাংলাদেশ চাইলে রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করতে পারে।
হুমায়ুন কবির বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়ে বাংলাদেশ একটি রেজুলেশন আনতে পারে। এ ক্ষেত্রে গাম্বিয়াসহ যে ১১টি দেশ এই মামলাকে সমর্থন করেছে, তারাও বাংলাদেশের উদ্যোগে যুক্ত হতে পারে।
তিনি বলেন, "কোর্ট যে রায় দিয়েছে, সেগুলো যেন বাস্তবায়ন করা হয়—সেজন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়ে একটা রেজ্যুলেশন বাংলাদেশ মুভ করতে পারে। যেখানে গাম্বিয়াসহ যে এগারোটি দেশ এই বিষয়টিকে সমর্থন করেছে তারাও সঙ্গে থাকতে পারে।"
এ ধরনের উদ্যোগের মাধ্যমে মিয়ানমারের ওপর আদালতের রায় দ্রুত বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নৈতিক চাপ তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন এই সাবেক রাষ্ট্রদূত।
উল্লেখ্য, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। পরবর্তী সময়ে কানাডা, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ আরও ১০টি দেশ মামলাটিতে গাম্বিয়াকে সমর্থন জানায়।
হুমায়ুন কবিরের মতে, রায় দ্রুত কার্যকরের জন্য বাংলাদেশ এসব দেশের সঙ্গে যৌথ উদ্যোগ নিতে পারে। পাশাপাশি মিয়ানমারের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে চীন ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।
তিনি বলেন, "এই দেশগুলো ছাড়াও যারা মিয়ানমারকে প্রভাবিত করতে পারে তাদের সঙ্গেও যুক্ত হতে পারে বাংলাদেশ। সেটা চীন হতে পারে, রাশিয়াও হতে পারে।"
এ ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক।
হুমায়ুন কবির মনে করেন, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপ্রক্রিয়ায় অংশ নিয়ে মিয়ানমার আন্তর্জাতিক আইন ও নিয়মকানুনের আওতায় থাকার একটি বার্তা দিয়েছে। কারণ, দেশটি আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে এবং বিচারপ্রক্রিয়া থেকে সরে যায়নি।
তিনি বলেন, "তারা কিন্তু আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। ফলে একটি বার্তা পাওয়া যায় যে, মিয়ানমার ডাজেন্ট ওয়ান্ট টু ডিফাই (মিয়ানমার অস্বীকার করতে চায়নি)। তারাও আন্তর্জাতিক আদালতের প্রক্রিয়ার সঙ্গে থেকেছে।"
তাঁর মতে, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পক্ষ থেকে মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত মেনে চলার বিষয়ে বোঝানো গেলে তা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
এ ক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজস্ব অবস্থান ও ভূমিকার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বিশ্লেষক।
সূত্র: বিবিসি