
ঈদুল ফিতরের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতিকে ঘিরে সারাদেশে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, যা শহর থেকে গ্রাম পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে কাজ করবে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে ঈদুল ফিতরের পর শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর প্রস্তুতি এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ৫ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের দ্রুত এসব পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। পদক্ষেপগুলো -
১। ২০২৬ সালের ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই সম্পূর্ণ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন নিশ্চিত করতে হবে।
২। প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে।
৩। কেবল পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নির্ভর না করে প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
৪। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং সৃজিত বাগানের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।
৫। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে নিয়মিত উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কার্যক্রম যেন সারা বছর ধারাবাহিকভাবে চলতে পারে, সে জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মনোরম শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।