
জাতীয় সংসদে আসন বিন্যাস নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে, যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রধানমন্ত্রীর পাশে বসা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের একাদশ দিনের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুজিবুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে সংসদের কার্যক্রম প্রাণবন্ত ছিল এবং বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত ও শান্ত—উভয় পরিস্থিতির মধ্য দিয়ে অধিবেশন পরিচালিত হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে বলেন, তিনি সংবিধান ও কার্যপ্রণালি যথাযথভাবে উপস্থাপন করেছেন।
তবে গত দুই দিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসতে দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আসন যেখানে ছিল, সেখান থেকে তিনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন।’ এ প্রসঙ্গে তিনি জানতে চান, প্রধানমন্ত্রী তাকে কোনো বিশেষ সুযোগ দিয়েছেন কি না। যদি তা না হয়ে থাকে, তাহলে সংসদের বিদ্যমান কার্যপ্রণালি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম জানান, সংসদে আসন পরিবর্তন হওয়া স্বাভাবিক বিষয় এবং এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না।