
বিএনপির প্রয়াত প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তার ছোট ভাই ও চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে বড় ভাইকে হারানোর বেদনা এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মৃতি তুলে ধরেন তিনি।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী লেখেন, ‘বড় ভাইয়ের (সাকা চৌধুরী) কথা মনে পড়লেই আজও বুকের ভেতরটা ভারী হয়ে আসে। তার সঙ্গে হওয়া অন্যায় এবং তাকে হারানোর কষ্ট এখনো ভুলতে পারিনি। কখনো কখনো মনে হয়, সময়টা যদি একটু ভিন্ন হতো, যদি তার জন্য আমরা আরও কিছু করতে পারতাম! কিন্তু সেই সময়ের অসহায়ত্ব এবং কিছু করতে না পারার যন্ত্রণা আজও আমাদের তাড়া করে বেড়ায়। কিছু কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয়, নীরবে নিজের মধ্যে বয়ে বেড়াতে হয়।’
সাকা চৌধুরীর স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, ‘ভাইজান, আপনি আমাদের মাঝে নেই, কিন্তু আপনার স্মৃতি প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আপনাকে মনে পড়লে আজও চোখের সামনে ভেসে ওঠে কত স্মৃতি, মনে পড়ে কত কথা। আপনার রেখে যাওয়া শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আপনার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধাও কখনো কমবে না।’
পোস্টে বড় ভাইয়ের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই ভাইস চেয়ারম্যান।
তিনি লেখেন, ‘আজ আপনার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আপনাকে স্মরণ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ আমার বড় ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’