
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দেওয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে তার মুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
বুধবার (২০ মে) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত রাষ্ট্রপক্ষের দাখিল করা জামিন স্থগিতের দুইটি পৃথক আবেদন খারিজ করে ‘নো অর্ডার’ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল থাকে।
এর আগে গত ১২ মে হাইকোর্ট বেঞ্চ এ বি এম খায়রুল হককে জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। তবে চেম্বার জজ আদালতের সর্বশেষ আদেশে সেই আবেদন কার্যত নিষ্পত্তি হয়।
আইনজীবীরা জানান, আদালতের এই আদেশের পর তার জামিন বহাল থাকায় মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে, যার মধ্যে দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগও অন্তর্ভুক্ত।
এর আগে নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন এবং একাধিক মামলায় জামিন পান। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ এসব জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে যায়, তবে আগের একাধিক আদেশে সেই আবেদন খারিজ হয়ে যায়।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালে অবসরে যান। অবসরের পর তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।