
শিক্ষাক্ষেত্রে অনন্য উৎকর্ষতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধের প্রসার এবং মানসম্মত শিক্ষা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম জেলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ‘ফাইট আনটিল লাইট (ফুল)’-এর আয়োজনে ফুল শিক্ষাবৃত্তি–২০২৫-এর আওতায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাইট আনটিল লাইট (ফুল)-এর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে স্কুল, মাদ্রাসা ও উদীয়মান ক্যাটাগরিতে মোট ১৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি শিক্ষাক্ষেত্রে অবদান রাখা সকল প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহকে অভিনন্দন জানান। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আলোকিত প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।