
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য দিতে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে দূতাবাস কার্যালয় ও আশপাশের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো বায়োমেট্রিক গ্রহণ করা হবে না।
বায়োমেট্রিক দিতে আগ্রহী সেবাগ্রহীতাদের দূতাবাসের অনলাইন পোর্টালে গিয়ে আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে যাদের বায়োমেট্রিক দেওয়ার তারিখ ও সময় ইতোমধ্যে নির্ধারিত রয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে সেবা নিতে পারবেন।
ভিড় এড়িয়ে সুশৃঙ্খলভাবে সেবা কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে প্রবাসীদের নির্ধারিত নীতি ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।