
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ৫ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত সংস্থা সিআইডি তা দাখিল করতে না পারায় সময় বাড়ানো হয়। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন এই তারিখ নির্ধারণ করেন।
এ নিয়ে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ মোট ১২ বার পেছাল।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
ঘটনার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।