
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভোরের নীরবতা ভেঙে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি দল। ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ মে) সকাল প্রায় ৬টার দিকে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন— ফারহান তানভীর নাসিফ (২০১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসচালক রুবেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল আকস্মিকভাবে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে মিছিল করে এবং ব্যানার প্রদর্শন করে। মিছিল শেষে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের আকস্মিক মিছিল চলাকালে দুইজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গাড়িসহ আটক ২