.jpeg)
ইয়াবা বিক্রির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী তাইজুল ইসলাম তাজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টার দিকে বরিশাল মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মামলার প্রধান আসামি মো. আরাফাত ইসলাম (২২) নগরের রূপাতলীর সোবহান খান গলি এলাকার বাসিন্দা। মামলার দ্বিতীয় আসামি তাইজুল ইসলাম তাজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নগরের আমতলা মোড়সংলগ্ন ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়।
পুলিশের দাবি, তারা বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজেদের হেফাজতে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এ সময় মোটরসাইকেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি নীল রঙের পলিথিন থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম তাজের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলম বলেন, ‘২১ জুলাই রাতে মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের আদালতে পাঠানো হয়েছে।’