
দেশে সংঘটিত নানা অপরাধ ও বিশৃঙ্খলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে দায়ী করে বক্তব্য দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘ইসলামকে নিয়ে ব্যবসা করে জামায়াত। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।’
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান।
শামসুজ্জামান দুদু বলেন, দেশের মানুষ রাজনৈতিক বাস্তবতা ও ইতিহাস সম্পর্কে সচেতন। তাই অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। তার দাবি, সাধারণ মানুষের সমর্থন এখনো বিএনপির পক্ষেই রয়েছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি বিভিন্ন অপকর্মের দায় অন্যের ওপর চাপানোর প্রবণতাও রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সাবেক সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, হাম পরিস্থিতি নিয়ে একাধিকবার সতর্ক করার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তার ভাষ্য, একসময় নিয়ন্ত্রণে চলে আসা রোগও অব্যবস্থাপনার কারণে আবার ছড়িয়ে পড়েছে। তবে বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।
ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে দুদু বলেন, আগের তুলনায় এখন অনেক ওষুধের দোকান গভীর রাত পর্যন্ত খোলা থাকছে এবং মানুষকে জরুরি সেবা দিচ্ছে। এটিকে তিনি দায়িত্বশীলতার ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন নেতৃত্ব ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ বাধাগ্রস্ত করতে একটি পক্ষ অপতৎপরতা চালাচ্ছে।
অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন বিএনপির এ নেতা। তিনি বলেন, কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। নেতাকর্মীদের আশপাশে কোনো অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে কি না, সেদিকেও নজর রাখার আহ্বান জানান তিনি।