
রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ার নামে ২৬ তলা একটি ভবনের ২৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল ৫টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ভবনটির ২৩ তলায় একটি বায়িং হাউজের অফিসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।