বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকরা জমায়েত হওয়ার চেষ্টা করলেও কোথাও বড় ধরনের সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। পুলিশের দাবি, সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের সড়কে নামার চেষ্টা বুঝিয়ে-শুনিয়ে প্রতিহত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো জনদুর্ভোগ তৈরি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম প্রিভেনশন-উত্তর মো. মহিদুল ইসলাম।
সার্বিক পরিস্থিতি তুলে ধরে মহিদুল ইসলাম বলেন, মিরপুরের অবস্থা একেবারেই স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ বা শ্রমিকদের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন জায়গায় কিছু শ্রমিক সড়কে নামার চেষ্টা করেছিলেন। বিশেষ করে রূপনগর, মিরপুর-১, মিরপুর-১১ ও কাফরুল রোডের বিভিন্ন ফিডার সড়কে ভেতরে ভেতরে জমায়েত হওয়ার চেষ্টা করেন তারা। পুলিশ তাদের বুঝিয়ে ফিরিয়ে দিয়েছে।
পুলিশের সতর্ক অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল এবং পুলিশ কর্মকর্তারাও মাঠে উপস্থিত ছিলেন। কেউ যাতে শ্রমিকদের উসকানি দিয়ে সড়কে নামিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, যান চলাচল বন্ধ করতে না পারে কিংবা রাষ্ট্রীয় সম্পদ ও সম্পত্তির ক্ষতি করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
আটকের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, দু-চারজনকে আটক করা হয়ে থাকতে পারে। তারা পোশাকশ্রমিক কি না বা অন্য কোনো এলাকা থেকে এসেছেন কি না, তা জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে। তারা সাধারণ মানুষ হলে ছেড়ে দেওয়া হবে। তবে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
শ্রমিকদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে মো. মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মজুরি বোর্ড গঠন হয়েছে এবং এ বিষয়ে অগ্রগতিও রয়েছে। তাই এই আন্দোলনের আর যৌক্তিকতা নেই বলে মনে করে পুলিশ। এরপরও কেউ উসকানি দিয়ে বিশৃঙ্খলা, অরাজকতা বা নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা আইন লঙ্ঘনের চেষ্টা করবে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।