
ভোটের মাঠে নজিরবিহীন উৎসবের আমেজ—এমন চিত্র আগে কল্পনাও করেননি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “ভোট এবার এতোটা উৎসবমুখর হবে এটা কেউ ভাবেনি। মানুষের যে আগ্রহ, যে উচ্ছ্বাস, সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে।”
নির্বাচনের ফলাফল নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে ও ফলাফলও ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার পাবে ও পার্লামেন্ট পাবে। যেটার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি।” এছাড়া বিজয় নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী বলে জানান।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে দুজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে আছেন।
তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭ জন। এছাড়া ডাকযোগে ভোট দিতে নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যাঁদের মধ্যে ২ হাজার ৩২৬ জন নারী এবং ৭ হাজার ৯৬৬ জন পুরুষ।