
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, “কুষ্টিয়ায় উপরওয়ালা এখন কেউ নেই; উপরওয়ালা এখন আমি।”
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এমপি আমির হামজা জানান, মেডিকেল কলেজ ও সদর হাসপাতালসংক্রান্ত কিছু লিখিত অভিযোগ তার হাতে এসেছে। বিষয়গুলো তিনি সদরে অবহিত করেছেন। তার ভাষ্য, সংশ্লিষ্টরা প্রথমে ভুল স্বীকার করে ক্ষমা চান এবং দায় ‘উপরওয়ালার’ ওপর চাপান। জবাবে তিনি বলেন, “কুষ্টিয়ায় উপরওয়ালা এখন কেউ নেই; উপরওয়ালা এখন আমি।”
অনিয়ম দমনে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, “সুতরাং কিছু হলেই আমাকে জানাবেন। কিছু কালো হাত আছে, এই হাতের কথাও আমাকে অনেকেই জানিয়েছেন। আমিও সরাসরি জানিয়েছি, সুতরাং দুই নাম্বারি যদি কেউ করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয়ে বলা আছে আপনারা উনার কাছে যান। এতো ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় বাকিটা আমি দেখবো। সংসদ অধিবেশন বসার আগেই আমি ৪/৫টা জায়গায় যাবো। তারমধ্যে সিভিল সার্জনের বিষয়টি আমার মাথায় আছে। অগ্রিম কিছু বলতে চাচ্ছি না।”
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইকবাল হোসন ও মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।