
ভোরের নিস্তব্ধতা ভেঙে দিনাজপুরের বিরামপুরে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যেখানে প্রাণ হারিয়েছেন দুইজন এবং আহত হয়েছেন অন্তত দশজন যাত্রী।
রোববার (২৯ মার্চ) সকাল ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘হেরিটেজ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে জোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই বাসের হেলপার এবং এক যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে মোশারফ হোসেন বাবু (৫৮) নামে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জন যাত্রীকে স্থানীয়রা এবং পুলিশ দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় যানজট। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন। তিনি জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।