
সিলেট নগরের একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকাকালে পুলিশের পোশাক পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করায় সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করা হয়েছে। তাকে জালালাবাদ থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের পোশাক পরেই মঞ্চে ওঠেন তিনি। সেখানে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের ‘ওরে ওরে হাওয়া’ গানটি পরিবেশন করেন।
অনুষ্ঠানে তার গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপরই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, ‘ওই পুলিশ সদস্য পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সরকারি দায়িত্ব পালনকালে অন্য কাজে জড়িয়ে পড়া দায়িত্বে অবহেলার শামিল। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এএসআই উদয়ন ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’