
দলবদলের হাওয়া বইছে বরিশালে—গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।
শনিবার (২ মে) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন। এ সময় নবাগতদের ফুল দিয়ে স্বাগত জানান বরিশাল জেলা এনসিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা।
অনুষ্ঠানে আবু সাঈদ মুসা জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগ্রহী হয়ে শতাধিক ব্যক্তি ওই দিন সদস্য ফরম পূরণ করে এনসিপিতে যোগ দিয়েছেন।
নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম রিয়াদ এবং কেদারপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান। এছাড়া উজিরপুর, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এ দলে যোগ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল জেলা শাখার সদস্য সচিব আবু সাঈদ খান ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক নাফিসা মুসতারি, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী ও ইমরান হোসেন এবং দপ্তর সম্পাদক নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।