.jpeg)
ভোলার লালমোহন উপজেলায় বজ্রপাতে মো. ইয়ামিন (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন ওই এলাকার ফয়েজ দালাল বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। সে লর্ডহার্ডিঞ্জ মডেল মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ইয়ামিন। এ সময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পান। আকস্মিক এ ঘটনায় সহপাঠী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে বজ্রপাতে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।