
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। স্বামীর বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তার পাশে থাকতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে এক বৈঠকে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান। আগামী ৩০ জুন তার শেষ কর্মদিবস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশিত পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তার স্বামী আব্রাহাম সম্প্রতি অত্যন্ত বিরল এক ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে, তার পাশে থাকার জন্য এবং এই লড়াইয়ে তাকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য আমাকে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে।’
ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে দায়িত্ব পালনকালে তুলসী গ্যাবার্ড গোয়েন্দা কাঠামো পুনর্গঠনে বেশ কয়েকটি পদক্ষেপ নেন। দায়িত্বে থাকাকালে তিনি বিপুল পরিমাণ গোপন নথি প্রকাশ করেন, যার মধ্যে ট্রাম্প-রাশিয়া তদন্ত এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড–সংক্রান্ত নথিও ছিল।