
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর কালশী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালশী রোডের ফুলকলি ও আধুনিক মোড় এলাকায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে জানান, কালশী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিক্ষোভ চলাকালে পুরো এলাকায় ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’, ‘আমার বোন খুন হলো কেন?’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান ধ্বনিত হয়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীরা বলেন, শিশু রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা না করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে রায় কার্যকরের দাবিও জানান তারা।
তাদের অভিযোগ, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে একের পর এক নৃশংস ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বানও জানান তারা।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তার–এর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।