
মাত্র চার দিনের ব্যবধানে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছে চার শিশু। একের পর এক এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সর্বশেষ আজ শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের বহদ্দারগ্রাম এলাকায় মোহাম্মদ সাজিদ নামে মাত্র দেড় বছরের এক শিশুর সলিলসমাধি ঘটেছে। সে ওই গ্রামের আহসানুল কবিরের ছেলে।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলা করার একপর্যায়ে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে পাশের পুকুরে পড়ে যায় শিশু সাজিদ। বেশ কিছু সময় পর তাকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলায় পানিতে ডুবে মৃত্যুর এই মিছিল শুরু হয় গত কয়েক দিন আগে থেকেই। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মীরসরাইয়ের ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পানিতে ডুবে প্রাণ হারায় খালেদ বিন মহিউদ্দিন (৮) নামের এক শিশু। তারও আগের দিন বুধবার দুপুরে একই ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারা যায় ১০ বছর বয়সী শিশু মাহিয়া আনোয়ার আনিসা।
এ ছাড়া গত ১৯ মে (মঙ্গলবার) উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় মুনতাসিন (৮) নামের আরও এক শিশুর পানিতে ডুবে করুণ মৃত্যু হয়।
স্বল্প সময়ের ব্যবধানে এভাবে একাধিক শিশুর অকালমৃত্যুর বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, ‘অভিভাবকদের অসচেতনতা এবং শিশুদের সাঁতার না জানার কারণে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটছে।’ একই সঙ্গে তিনি শিশুদের সার্বক্ষণিক চোখে চোখে রাখা এবং উপযুক্ত বয়সে সাঁতার শেখানোর প্রতি বিশেষ জোর দেন।