
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব। এর আগে শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মনির হোসেন ওই গ্রামের মিলন মিয়ার ছেলে। তিনি আকন্দপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি শিশুদের মক্তবে পড়াতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মক্তবের পাঠদান শেষে অন্য শিশুদের বাড়ি পাঠিয়ে দিয়ে সাত বছর বয়সী এক শিশুকে কৌশলে মসজিদে আটকে রাখেন মনির। পরে শিশুটিকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরকে হেফাজতে নিয়ে থানায় আনে।
সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিশুটিকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মনির হোসেন নামে এক মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মনিরকে আসামি করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।