
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় ১টার দিকে হাসপাতাল চত্বরে নবজাতকের কান্নার শব্দ শুনে কর্মরত এক নারী কর্মচারী বিষয়টি দায়িত্বরত নার্সদের জানান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র জানায়, উদ্ধার করা নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান বলেন, উদ্ধার করার পরপরই নবজাতককে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত পরিচয়ের কেউ নবজাতকটিকে হাসপাতালের ময়লার স্তূপে ফেলে রেখে চলে গেছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে রাতেই গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া এবং পুলিশ সদস্যরা হাসপাতালে যান। নবজাতকের পরিচয় শনাক্ত এবং তাকে হাসপাতালে ফেলে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।