
সাভারের আশুলিয়ায় এক বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, তাজা গুলি ও হত্যার হুমকিসংবলিত চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লার বাড়িতে। শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই ও জামগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তালেব।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে এক অজ্ঞাত ব্যক্তি ইসমাইল হোসেন মোল্লার বাড়ির প্রধান ফটকের সামনে একটি ব্যাগ রেখে দ্রুত চলে যান। পরে পরিবারের সদস্যরা ব্যাগটি খুলে এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপজল, গোসলের সাবান এবং হাতে লেখা একটি হুমকিসংবলিত চিঠি দেখতে পান।
চিঠিতে ইসমাইল হোসেন মোল্লাকে উদ্দেশ করে নানা ধরনের হুমকি দেওয়া হয়। চিঠির শেষে প্রেরক হিসেবে ‘অদৃশ্য মুসাফির’ নাম উল্লেখ করা হয়েছে।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, ভোররাতে অজ্ঞাত এক ব্যক্তি তার বাড়ির গেটে ব্যাগটি রেখে যায়। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নেওয়ায় একটি কুচক্রী মহল তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো এবং নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হুমকিসংবলিত চিঠি, কাফনের কাপড় ও গুলিটি আলামত হিসেবে জব্দ করে।
আশুলিয়া থানার এসআই ও জামগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তালেব বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।