
রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টা পাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।
আটক দুজন হলেন বাইট্টা পাড়া গ্রামের ইসমাইল (৩০) ও একই এলাকার নাছির (৩২)। ভুক্তভোগী নারীর বয়স ৩৫ বছর। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন। সেই সূত্রেই তিনি লংগদুতে গিয়েছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টা পাড়া বাজার আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী নারী জানান, রাত ৮টার দিকে অভিযুক্ত দুজন তার গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে দুজন মিলে জোরপূর্বক ধর্ষণ করেন।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনাটি জানতে পেরে তারা তাৎক্ষণিক ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরে ঘরের দরজা খুলে ভেতর থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টা পাড়া বাজারে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে লংগদু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে থানার হেফাজতে নিয়ে যায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।