
সিলেটের সীমান্ত এলাকাগুলোতে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (১ অক্টোবর) দুই দিনে জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা ও এনার্জি ড্রিংকসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে চালিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।