
মিরপুরে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে। আদালতের আদেশের পর কারাগারে নেওয়ার পথে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত মামলা থাকলে কীভাবে বের হবো? মরে গেলে জামিন পাবো।’
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মিরপুর মডেল থানার এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, একাধিক মামলায় তাকে জড়ানো হচ্ছে এবং এতে আইনি প্রক্রিয়া জটিল হয়ে পড়ছে। তিনি আরও বলেন, ‘আমার কি ডানা আছে, এক দিনে এত জায়গায় গিয়ে এত কিছু করি!’
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর এলাকায় ভ্যানগাড়িতে কাপড় বিক্রির সময় হামলা ও গুলিবর্ষণের অভিযোগে এই মামলা করা হয়। এতে বাদী আহত হন বলে উল্লেখ রয়েছে।
শুনানিকালে তার আইনজীবী জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে ২০২৫ সালের ২৩ জুন ডিবি পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। পরে শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট একাধিক মামলায় তিনি আসামি হিসেবে রয়েছেন, যার মধ্যে অনলাইন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।