
দেশের মানি মার্কেট বা মুদ্রা বাজারে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দুটি লেনদেনভিত্তিক রেফারেন্স রেট প্রবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এই নতুন রেটগুলো প্রকাশিত হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের অফারভিত্তিক ব্যবস্থা ডিবোর (DIBOR) থেকে বেরিয়ে প্রকৃত লেনদেনভিত্তিক আধুনিক যুগে প্রবেশ করছে দেশের আর্থিক খাত।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ইস্তেকমাল হোসেন এই ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দেয়। তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে নিয়মিতভাবে প্রতিদিন সকালে এই রেটসমূহ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যা দেশের আর্থিক বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে কাজ করবে।
বর্তমানে দেশে ডিবোর বা ঢাকা ইন্টারব্যাংক অফার রেট প্রচলিত আছে, যা ব্যাংকগুলোর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয় জানিয়ে ইস্তেকমাল হোসেন বলেন, অধিকাংশ ব্যাংক নিয়মিত তথ্য প্রদান করে না, যার ফলে বাজারের প্রকৃত চিত্র ফুটে ওঠে না। এই সীমাবদ্ধতা দূর করতে এবং বৈশ্বিক এসওএফআরের (Secured Overnight Financing Rate) আদলে বাংলাদেশ ব্যাংক নিজস্ব অটোমেটেড সিস্টেম ব্যবহার করে নতুন রেট চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রধানত দুটি বেঞ্চমার্ক রেট প্রকাশ করবে। এর মধ্যে বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট (বিএএফআর)- এটি একটি ‘রিস্ক-ফ্রি’ রেট, যা আন্তঃব্যাংক রেপো বা সিকিউরড লেনদেনের তথ্যের ভিত্তিতে নির্ধারিত হবে। অপরটি ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট (ডিওএমএমআর) - এটি আনসিকিউরড বা কলমানি মার্কেটের লেনদেনের তথ্যের ভিত্তিতে নির্ধারিত হবে।
জানা যায়, নতুন এই ব্যবস্থায় কোনো অনুমানের জায়গা থাকবে না। বাংলাদেশ ব্যাংকের এফএমআই এবং ইডিএস মানি প্ল্যাটফর্মে প্রতিদিন যেসব প্রকৃত লেনদেন হবে, সেই ডাটা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে রেট হিসাব করা হবে। লেনদেনের পরিমাণের ভিত্তিতে গড় হার পদ্ধতিতে এই রেট বের করা হবে। যদি কোনো নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় ন্যূনতম লেনদেন না থাকে, তবে ‘রোলিং উইন্ডো’ পদ্ধতি অনুসরণ করে আগের দিনের লেনদেনের তথ্য সমন্বয় করা হবে। প্রাথমিকভাবে ওভারনাইট থেকে শুরু করে ৩ মাস মেয়াদি বিভিন্ন ক্যাটাগরিতে এই রেট পাওয়া যাবে।