
আসন্ন ঈদুল আজহার ছুটির সময় সরকারি বন্ধ থাকলেও দেশের ব্যাংকিং লেনদেন সচল রাখতে সীমিত পরিসরে গুরুত্বপূর্ণ সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটি চলতি মাসের ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হলেও ২৫ ও ২৬ মে কিছু ব্যাংক শাখা খোলা থাকবে এবং নির্দিষ্ট সেবা সীমিত সময়ের জন্য চালু থাকবে।
এ সময় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও এর আওতাধীন বিএসিপিএস এবং বিইএফটিএন সেবা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
সার্কুলার অনুযায়ী, হাই ভ্যালু ক্লিয়ারিংয়ের প্রেজেন্টমেন্ট কাট-অফ টাইম নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত। নিয়মিত ভ্যালু ক্লিয়ারিংয়ের প্রেজেন্টমেন্ট কাট-অফ সময় থাকবে দুপুর ১২টা পর্যন্ত, আর রিটার্ন কাট-অফ সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা পর্যন্ত। একই সঙ্গে রিটার্ন কাট-অফ সময় দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া বিইএফটিএন সেবার তিনটি সেশন আগের নিয়ম অনুযায়ী চালু থাকবে বলে জানানো হয়েছে।
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার আওতায় বাংলাদেশি মুদ্রা (বিডিটি) ও বৈদেশিক মুদ্রা (এফসি) উভয় ধরনের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সম্পন্ন করা যাবে। পাশাপাশি আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ছুটির সময় আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।