
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংকট কাটিয়ে অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি নতুন প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
সোমবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, তা পুনরুদ্ধারের কাজ চলছে। এ থেকে বেরিয়ে আসার পথ তৈরি হচ্ছে। আমরা জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি।’
তিনি বলেন, ‘প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে; এরপর ধীরে ধীরে গতি ফিরবে। বাংলাদেশ প্রবৃদ্ধির নতুন পর্যায়ে যাবে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘অর্থনীতিতে যেসব সংস্কার, নিয়ন্ত্রণ শিথিল, নীতিমালা প্রণয়ন ও প্রণোদনার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর সুফল ধীরে ধীরে পাওয়া যাবে। পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে সারা দেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’
কর্মসংস্থান বাড়াতে দেশের বিভিন্ন স্থানে দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি ভালো দিকে যাবে।’
শিল্প খাতের সক্ষমতা বাড়ানো এবং শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের’ অধীনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষকদের যুক্ত করার ক্ষেত্রে এটি দেশের প্রথম সরকারি উদ্যোগ বলে জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন খাতে উদ্ভাবনী গবেষণার জন্য ১২ জনকে অর্থসহায়তা ও পুরস্কার দেওয়া হয়। শিল্প খাতের বিভিন্ন সমস্যার সমাধানে এসব অর্থ ব্যয় করবেন তারা। গবেষকদের প্রত্যেককে ৭০ লাখ থেকে আড়াই কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়। সব মিলিয়ে মোট ২৩ কোটি টাকার অর্থসহায়তা প্রদান করা হয়েছে।