
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা কারিকুলামে কোনো ভেদাভেদ রাখা হবে না। সব ধারার শিক্ষাব্যবস্থার মধ্যে সমান্তরাল অবস্থান নিশ্চিত করে নতুন কারিকুলাম প্রণয়নে কাজ চলছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন কারিকুলাম উন্নয়নে সরকার নতুনভাবে কাজ করছে এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তা বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের মানোন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হচ্ছে, যাতে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ছাড়া কেউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ না পান।
তার ভাষ্য, প্রশিক্ষণ সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই নিয়োগের সুযোগ থাকবে। এতে প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও বাড়বে।
ববি হাজ্জাজ বলেন, দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং বিপুলসংখ্যক শিক্ষক কর্মরত আছেন। এত বড় ব্যবস্থায় একদিনে পরিবর্তন আনা সম্ভব নয়, তাই ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ, জবাবদিহিতা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। এর ফলে শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে।
এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমি-তে আয়োজিত ‘একাত্তরের মহান স্বাধীনতা ও চব্বিশের জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ’ অনুষ্ঠানে অংশ নেন।