
চলমান এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বরং এ ধরনের তথ্যকে “ভুয়া ও বিভ্রান্তিকর” বলে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বোর্ড।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসাধু চক্র ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছে। পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
এতে আরও জানানো হয়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের (সিটিটিসি) নজরদারিতে “এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ” নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে ২৩ এপ্রিল আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধ আর্থিক লাভের উদ্দেশ্যে প্রশ্নফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে চলমান পরীক্ষাকে ব্যাহত করার চেষ্টা করছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
প্রথম দিনে বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদরাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভিদ এবং আরবি প্রথমপত্র পরীক্ষা নেওয়া হয়। একই দিনে কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিলের বাংলা-২ এবং ইংরেজি-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হয়।