
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন, বিক্ষোভ এবং তিন দফা দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের কার্যক্রম। সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে মোট পাঁচটি বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে।
এদিকে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে।
পরীক্ষার রুটিন অনুযায়ী, বুধবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একদল শিক্ষার্থী পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।
তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে কেবল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা গ্রহণের উপযোগী পরিবেশ থাকায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘোষণায় জানানো হয়েছে, বুধবার পরীক্ষা শেষ হওয়ার পর বেলা ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ‘লংমার্চ’ শুরু হবে। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন’—এই স্লোগানে ঘোষিত কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।