
ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রত্যাশার চেয়ে দীর্ঘায়িত হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধের সময়কাল সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সময়কাল প্রসঙ্গে হেগসেথ বলেন, “আপনি চার সপ্তাহের কথা বলতে পারেন, তবে এটি ছয় সপ্তাহ, আট সপ্তাহ এমনকি তিন সপ্তাহও হতে পারে। দিনশেষে যুদ্ধের গতি ও প্রকৃতি আমরাই নির্ধারণ করছি।”
ড্রোন হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী জানান, ড্রোন প্রতিরোধে সক্ষমতা বাড়াতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ খাতে ব্যয়ে কোনো ধরনের কার্পণ্য করা হয়নি। তবে তিনি স্পষ্ট করেন, এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র তাদের অন্যান্য কার্যক্রম স্থগিত করবে।
এর আগে রোববার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বেসামরিক বন্দরের অভ্যন্তরে স্থাপিত একটি অপারেশন সেন্টারে ইরানের ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন।
সূত্র: এপি